ইসমাইল খান টিটু:---
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তৃতীয় জুমার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজে মসজিদের বিভিন্ন তলায় বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা যায়।
তৃতীয় জুমায় মসজিদ কমিটির সদস্য ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান উপস্থিত ছিলেন। খুতবা শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তাঁর বক্তব্যে উঠে আসে সমাজের বিভিন্ন অনিয়ম ও অবক্ষয় প্রতিরোধের বিষয়।
ওসি কামরুল হাসান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বাবা-মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বাবা-মায়ের খেদমত করা সন্তানের অন্যতম নৈতিক দায়িত্ব। তাদের সঙ্গে ভালো আচরণ ও সম্মান প্রদর্শনের মাধ্যমে পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করতে হবে।
এছাড়া তিনি ব্যবসায়ীদের হালালভাবে ব্যবসা পরিচালনা, প্রতারণা ও অসাধুতা পরিহার এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানান। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে একে অপরের প্রতি সহনশীল ও মানবিক হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ওসি কামরুল হাসানের বক্তব্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এর আগে মডেল মসজিদের ইমাম মুফতি আমিনুল ইসলাম জুমার খুতবা প্রদান করেন। পরে তাঁর ইমামতিতে বিপুলসংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।
স্থানীয় মুসল্লিরা জানান, মডেল মসজিদটি চালু হওয়ায় ধর্মীয় ইবাদতের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বিশেষ করে জুমার দিনে ধর্মীয় বক্তব্যের পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও পারিবারিক মূল্যবোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
আপনার মতামত লিখুন