মতলব উত্তর প্রতিনিধি:-----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর এলাকায় দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ করে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মজিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে বাড়িতে যাতায়াতের পথ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নাজমুল গাজী ও তার পরিবারের সদস্যরা। পাশাপাশি হুমকি-ধমকির অভিযোগে পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, নাজমুল গাজী ও তার পরিবার প্রায় ৪০ বছর ধরে ওই জায়গা ও চলাচলের রাস্তা ব্যবহার করে আসছেন। তবে সোমবার সকালে মজিবুর রহমান লোকজন নিয়ে সেখানে গিয়ে গাছ কেটে নিয়ে যান এবং বাড়িতে যাতায়াতের দীর্ঘদিনের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
নাজমুল গাজীর পরিবারের দাবি, বিরোধপূর্ণ জায়গাটি তাদের দাদার কাছ থেকে পাওয়া ওয়ারিশি সম্পত্তি। প্রায় ৪০ বছর ধরে তারা ওই জায়গা ভোগদখল করে আসছেন। জায়গার মালিকানা সংক্রান্ত দলিলও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তারা।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চলাচলের রাস্তা বন্ধ ও গাছ কাটার প্রতিবাদ জানাতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং হুমকি দেওয়া হয়। এমনকি মারধর করতে তেড়ে আসার অভিযোগও করেন তারা। এতে পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক দেখা দিয়েছে। দীর্ঘদিন ব্যবহৃত যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান বলেন, “এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। যে জায়গা থেকে গাছ কাটা হয়েছে এবং যে রাস্তা বন্ধ করা হয়েছে, সেই জায়গা আমার। এ কারণে আমি গাছ কেটে নিয়ে গেছি। এখানে তাদের কোনো জায়গা নেই। তারা আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছিল, সেই মামলার রায়ও আমরা পেয়েছি।
এ ঘটনায় জায়গার মালিকানা ও চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বিরোধের সুষ্ঠু সমাধান, নিজেদের নিরাপত্তা এবং বাড়িতে যাতায়াতের স্বাভাবিক পথ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
আপনার মতামত লিখুন