ইসমাইল খান টিটু:--
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী।
বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল ৪টায় পশ্চিম ফতেপুর ইউনিয়নের গাজীপুর সংলগ্ন বাজার ও আশপাশের এলাকায় শতাধিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে এম ইলিয়াছ আলী বলেন, আমি অনেক আশা ও একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের দ্বারে এসেছি। আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা চাই। আপনার মূল্যবান ভোট যাকে যোগ্য মনে করবেন, যিনি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন, তাকেই দেবেন। যদি আপনারা মনে করেন আমি সেই যোগ্য ব্যক্তি, তাহলে আগামী নির্বাচনে আমাকে সমর্থন দিয়ে আপনাদের সেবার সুযোগ করে দেবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজের কর্মসংস্থান এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলেও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা এম ইলিয়াছ আলীর পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারাও তার সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক দাবি-দাওয়া তুলে ধরেন।
আপনার মতামত লিখুন