প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
মতলবে মেঘনায় অবৈধ বালু উত্তোলনে দুই ড্রেজার, সাবেক ইউপি সদস্য সহ ৫ জন গ্রেপ্তার
||
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:---চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌ পুলিশের এসআই মো. মোহসীন হোসাইনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫) এবং একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫), রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।নৌ পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা জানান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল বলে জানা গেছে।মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য ও টহলের ভিত্তিতে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নদীর পরিবেশ ও নৌপথের নিরাপত্তা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন