প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা
||
ইসমাইল খান টিটু:------পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত এবং সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে সত্য, ন্যায়, মানবতা ও শান্তির আলোকবর্তিকা প্রজ্বলিত হয়েছিল। তাঁর জীবনাদর্শ ও মহান চরিত্র মানবজাতির জন্য চিরন্তন অনুসরণীয় আদর্শ।তিনি বলেন, মহানবী (সা.) তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে ন্যায়, সাম্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, মানবিকতা ও মানুষের কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।জিএম কাদের আরও বলেন, বর্তমান সময়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। তাঁর প্রদর্শিত শান্তি, ন্যায় ও মানবতার পথ অনুসরণ করেই একটি সুন্দর, কল্যাণময় ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।জাতীয় পার্টির চেয়ারম্যান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন