প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ছেংগারচর পৌরসভার প্রায় ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা
||
ইসমাইল খান টিটু:-----চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩১ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণীত এ বাজেটে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) বিকেলে ছেংগারচর পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকা। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ২৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা উন্নয়ন সহায়তা পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে উন্নয়ন সহায়তা ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ২০ লাখ টাকা। বাজেটে উন্নয়ন খাতেই সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে, যা পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, জনস্বাস্থ্য, আলোকসজ্জা ও অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধিতে ব্যয় করা হবে।বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যে পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার, পৌরসভার সহকারী প্রকৌশলী মান্নানুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোস্তফা আমির সাদ্দাম, হিসাবরক্ষক সোহরাব হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব উল্লেখ করে এর সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন